বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন করে। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত বিদ্যুৎ দেশের সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করছে এবং লোডশেডিং কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।
আরএনপিএল হলো বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। একই সময়ে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।