রাজধানীর কাফরুল থানা এলাকায় খোদেজা (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ২টার দিকে ইব্রাহীমপুরের হাবিবুল্লাহ রোডের (১০৮৪) সংলগ্ন একটি বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
একই সময় ওই বাসা থেকে মুজিবুর (২৫) নামের আরেক যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইউম টাইমনিউজবিডি'কে বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একই বিছানায় ওই কিশোরী খোদেজা ও মুজিবুর রহমানকে শুয়ে থাকতে দেখে। কিশোরী মৃত এবং মুজিবুর রহমান গুরুতর অসুস্থ।
পরে কিশোরীর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, মৃত কিশোরী খোদেজা ক্লাশ সেভেনে পড়তো। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। আর মুজিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ জেলায়। মেয়ের মা হাবিবুল্লাহ রোডে ঝিয়ের কাজ করে। অপরদিকে অসুস্থ মুজিবুর রহমান স্যানিটারী মিস্ট্রির কাজ করে।
ওসি আরও জানান, ওই কিশোর ও যুবক একই মহল্লায় পাশাপাশি ঘরে বাস করতো। কিন্তু কিশোরীর মৃত্যুর পর দুজনকে একই বিছানায় দেখতে পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
ঢাকা, জেইউ, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





