পূর্ব বিরোধের জের ধরে পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুসা হোসেন (২২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুসা ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়া মহল্লার আব্দুল আজিজের ছেলে। সে যুবলীগের সক্রিয় কর্মী ছিল বলে দাবি করেছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম।

ঈশ্বরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) বিমান কুমার দাস জানান, রাত ১১টার দিকে মুসা তার কয়েকজন বন্ধুকে নিয়ে পৌর এলাকার বস্তিপাড়া মহল্লায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে মুসাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পূর্ব বিরোধের জের ধরে মুসাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ