রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। বেশ কয়েকবার এ ভূকম্পন হয়।

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকা। ভূ-কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ৯।

ঢাকার বাইরে ভূমিকম্পের খবর জানাচ্ছেন আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিরা :

সাতক্ষীরা : সাতক্ষীরায় ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন ।বিশেষ করে উচু ভবন থেকে তারা নিরাপদে নেমে আসেন। এ সময় তারা দোয়া-দুরুদ পড়তে থাকেন। অপরদিকে হিন্দু পরিবারের নারীরা উলু ধ্বনি ও শাঁখ বাজাতে থাকেন। জেলার সব এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূকম্পনের সময় কিছুক্ষণের জন্য মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।

ভৈরব : ভৈরবে ভূমিকম্পের তীব্র কাপনে বহুতল ভবনগুলো কেপে ওঠে। নড়ে ওঠে ঘরের বৈদ্যুতিক পাখাসহ অন্যান্য জিনিসপত্র। এ সময় আতঙ্কগ্রস্ত লোকজন পরিবারের সদস্যদের নিয়ে ভবন ছেড়ে ছোটাছুটি করে বাইরে বের হয়ে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় তীব্র মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক ফায়জুর রহমান জানান, ভূ-কম্পন অনুভূত হয়েছে।তবে কী মাত্রার ভূকম্পন হয়েছে তা জানাতে পারেননি তিনি।

ভূ-কম্পনের ফলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তায় বেড়িয়ে পড়ে।

এছাড়া পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ওএফ