প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন।

আজ (১৮ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। দ্বিপাক্ষিক বৈঠকের আগে একান্ত বৈঠকে বসেন দুই নেতা।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এ সময় কার্যালয়ের টাইগার গেটে মালদ্বীপের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের আয়োজনে যোগ দিতে ৩ দিনের সফরে গতকাল (১৭ মার্চ) বুধবার সকালে বাংলাদেশে আসেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং ফাস্টলেডি ফাজনা আহমেদ।

এমবি