চট্টগ্রাম ব্ন্দর এবং আমদানি কৃত জ্বালানির প্রধান ডিপুতে যদি কোন ধরণের নাশকতা হয় তাহলে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ীতে আগুন দেয়ার হুমকি দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

রোববার বিকেলে চলমান নাশকতার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এ হুমকি দেন।

রনি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয় বীর চট্টলা সকল যৌক্তিক আন্দোলন সংগ্রামে সফলতার স্মারক রেখেছিল। চট্টলার জনগণ দেশ ও জনতার স্বার্থে যেকোনো সময়ে চরম ঝুঁকিতে অবতীর্ণ  হয়ে যৌক্তিক সকল দাবি আদায়ে সচেষ্ট ছিল যুগে যুগে। বার আউলিয়ার পুণ্য ভূমি অপরূপা এই চট্টগ্রাম কখনও অন্যায়ের সাথে আপোষ করেনি। চট্টগ্রাম ব্ন্দর এবং আমদানিকৃত জ্বালানির প্রধান ডিপুতে বিএনপি জামায়াতের নাশকতা সৃষ্টির নীল নকশা এই চট্টগ্রাম কখনও সফল হতে দেয়নি। সুতরাং তেলের ব্যাঙ্কারে যদি নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা করা হয় তাহলে খালেদার বাড়িতে আগুন দিবে বীর চট্টলাবাসী। সহিংসতা ও জন সম্পৃক্ততা বিহীন এই অপরাজনীতিতে আগামীতেও রুখে দিবে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সারাদেশে কথিত আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে দেশকে ধ্বংসের পায়তারা করছে। তারা চলমান এস.এস.সি পরীক্ষার ১৫ লাখ শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছেন।  শুধু তাই নয় দেশের চলমান ২০১৫ শিক্ষাপঞ্জিকে ধ্বংস করে দেশকে মেধাশূন্য করার পায়তারা করছে বিএনপি-জামায়াত জোট। বাংলার সচেতন ছাত্র সমাজ তাদের এই অপরাজনীতি কখনও সফল হতে দিবে না।’

সারাদেশে চলমান নাশকতার প্রতিবাদে একটি মিছিল নগরীর মুরাদপুর মোড় হতে শুরুষোলশহর রেল স্টেশন হয়ে নগরীর বিবিরহাট ও হামজারবাগ হয়ে পুনরায় মুরাদপুর মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যামে শেষ হয়।

ছাত্রলীগ নেতা ইব্রাহিম রুবেলের সভাপতিত্বে এবং শাহাদাত হোসেন পারভেজের সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর  ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, উপ-সম্পাদক আরজু বাবু, সদস্য সাজিদ মোহাম্মদ সাজ্জাদ।

উক্ত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সৌরভ, আলী আজগর, আরশেদুর রহমান রিগ্যান, শফিকুল ইলসাম শাকিল, নুরুন নবী সাহেদ, রবিউল হোসেন খুকু, মো. রায়হান রাব্বি, নয়ন উদ্দিন, আরিফুল ইসলাম, মো. সোহাগ, আবু সাইদ মুন্না, সালাউদ্দিন আরজু, মো. রুবেল, মামুন রহমান, মো. সাব্বির হোসেন সানি, এস এম  সাদমান শাহরিয়ার, নোমান চৌধুরী, মো. আলভী, মো. মুন, মো. আসিফ, মো. ইমরান, সানি, ঈশান, মুন্না দাশ, রাশেদ, আকাশ কবির, মো. সিফাত প্রমুখ।

জেআই