লালমনিরহাটের বুড়িমারীর ল্যান্ডপোর্ট এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তির মধ্যে একজন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের বাসিন্দা সফিয়ার রহমানের ছেলে আয়নাল হক (৩৫)। তবে অপর ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় একটি ট্রাক বাতি নিভিয়ে থেমে ছিল। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান। পরে চালকসহ গুরুতর আহত হওয়া ছয়জনকে উদ্ধার করে স্থানীয়রা পাটগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে (আয়নাল) মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার বলেন, নিহত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া এখন ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএস