বিএনপি’র ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে বগুড়ার সাতমাথায় ৩টি ককটেল বিস্ফোরণে অজ্ঞাতপরিচয়ে তিন তরুণ পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথাস্থ জিলা স্কুলের সামনে জামায়াত-শিবিরকর্মীরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

ঘটনার পর পর ছাত্রলীগ একটি প্রতিবাদ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ আতঙ্কে লোকজন কিছুটা কম থাকলেও অন্যান্য দিনের মতো জিলা স্কুলের সামনে চটপটি ও কয়েকটি খাবাবের দোকান তাদের পশরা সাজিয়ে বসে। হঠাৎ সার্কিট হাউজ সড়কের দিক থেকে এসে পর পর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। এ সময় ককটেলের আঘাতে অজ্ঞাতপরিচয়ে তিন তরুণ পথচারী আহত হয়েছেন।

এদিকে প্রায় একই সময়ে শেরপুর রোড ঠনঠনিয়া এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে জামায়াত-শিবির সমর্থকরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা স্থান ত্যাগ করে।

অপরদিকে দিনের বেলায় শহরে অল্পকিছু অটোরিকশা দেখা গেলেও সন্ধ্যার পর থেকে আতঙ্কে যান চলাচল কমে যায়। দোকান পাট বন্ধ করতে শুরু করলে কিছুটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহর ছেড়ে বা শহরে প্রবেশ করেনি দূরপাল্লার কোনো গাড়ি। সময়ের কিছুটা পরিবর্তন হলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

বগুড়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাসার ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করলেও আহতের বিষয়টি স্বীকার করেননি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।

কেএইচ