নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাত ৯টার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের চাকঠাপাড়ার মৃত ওফির উদ্দিনের ছেলে ভ্যানচালক সাইফুল ইসলাম (৫০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের নিলাহাটি শালমারী গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আজিজুর রহমান (৭০)।
জানা গেছে, রাত ৯টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালকসহ দুই জন নিহত হয়। এসময় অটোযাত্রী আবদুল হাকিম গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যানচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
ডোমার থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, এই ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে থানায় মামলাও হয়েছে।
এমবি





