বগুড়ায় পৃথক দুই অভিযানে এক হাজার বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ছয়শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।

শনিবার সকালে পাঠানো এক বার্তায় জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি/বি-সার্কেল) উজ্জল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর এলাকার দুদু মুন্নার ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার বেটুয়া এলাকার আফসার আলীর ছেলে সোহেল রানা (২১) ও বগুড়া জেলা সদরের কুটুরবাড়ী পশ্চিম পাড়ার হায়দার আলীর ছেলে আশিকুর রহমান (২৪)।

তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বগুড়া-রংপুর সড়কের মহাস্থান এলাকায় ট্রাক তল্লাসি করে এক হাজার বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল এবং বহনকারী ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-৬৭৯৭) শহিদুল ইসলাম ও সোহেল রানাকে আটক করা হয়।

এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের অপর একটি দল জেলা সদরের মানিকচক কুটুর পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ছয়শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আশিকুর রহমানকে আটক করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।

কেএইচ