পারিবারিক কলহের জের ধরে চুয়াডাঙ্গা পুলিশ লাইন স্টাফ কোয়ার্টারে কনস্টেবল হেলাল পারভেজের স্ত্রী শান্তা (২৪) সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মরহুমা শান্তা মাগুরা জেলা শহরের ভাইনার মোড়ের জিবলী গাজীর মেয়ে।

চুয়াডাঙ্গা পুলিশ লাইনের আরআই আমিরুল ইসলাম দুপুর ১টার দিকে জানান, ভোর ৪টায় স্টাফ কোয়ার্টারে হইচই শুনে হেলাল পারভেজের কোয়ার্টারে যান। সেখানে গিয়ে দেখতে পান তার স্ত্রী শান্তা শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

কোয়ার্টারে বসবাসরত অন্য সদস্যরা তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তার বাবা জিবলী গাজী জানান, চার বছর আগে পারিবারিকভাবে মাগুরা জেলার শ্রীপুর গ্রামের নবাবুল মাস্টারের ছেলে হেলাল পারভেজের সঙ্গে শান্তার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে খুব একটা বড় ধরনের কলহ না থাকলেও মাঝেমধ্যে ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক অশান্তির কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে।

এমকে