মানিকগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ইমা (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গোকুলনগর গ্রামে মানিকগঞ্জ-বালিরটেক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইমা খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাতাবানিয়া গ্রামের এনামুল মোড়লের মেয়ে।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মানিকগঞ্জ-বালিরটেক সড়কের গোকুলনগর গ্রামে হক ব্রিক্সে শিশুটির বাবা শ্রমিকের কাজ করেন। সেই সুবাদে এনামুল পরিবার পরিজন নিয়ে ওই এলাকাতেই থাকেন।
তিনি বলেন, দুপুরে ইটভাটায় যাওয়ার রাস্তা পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি সিএনজি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ইমার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এমবি





