গাজীপুরে জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত ৮টার দিকে জেলা সিটি করপোরেশনের পূবাইল এলাকায় গ্রিন ডিজাইনিং নামে থাই অ্যালুমিনিয়াম তৈরির একটি কারখানায় ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন টাঙ্গাইলের মাইলজানি গ্রামের বকুল খানের ছেলে মাসুদ (৩০) ও বরিশালের পাতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শহীদ (৩৫)।

জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাতে ওই কারখানায় ৮-১০ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার কয়েকজন শ্রমিকের হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। এসময় কারখানার অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে ডাকাত দলের তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান ও দুইজন আহত হন। এসময় ডাকাতদের অপর সদস্যরা পালিয়ে যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাদের থানা হাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এমই