দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের প্রশস্তকরণ কাজের জন্য সড়কের দুই পাশে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে দিনাজপুর জেলা সড়ক বিভাগের অন্তর্ভুক্ত ঘোড়াঘাট উপজেলা থেকে দিনাজপুর সদর পর্যন্ত ১০৬ কিলোমিটার রাস্তার দুই পাশে সরকারি জায়গার মধ্যে যে সকল দোকান-পাট, ঘর-বাড়ি, মার্কেট-শোরুম, ব্যাংক-বীমা অফিস ও অন্যান্য অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন দিনাজপুর সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুনিতি চাকমা।
এরই অংশ হিসাবে গত বৃহস্পতিবার থেকে বিরামপুরে শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। বিরামপুরের দিওড় বটতলী বাজার, বিজুল বাজার, ঘোড়াঘাট রেলগুমটি, কলেজ বাজার, ধানহাটি মোড়, পল্লবী মোড়, পুরাতন বাজার মোড়, ঢাকা মোড়, কলাবাগান মোড় সহ রাস্তার দুই পাশে অবৈধভাবে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল তা উচ্ছেদ করা হয়।
এদিকে চলমান এই অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আজাদুল ইসলামের পল্লবী মোড়ের বাড়িটি। এমনকি রক্ষা পাইনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের ঢাকা মোড়ে অবস্থিত পুরাতন মিজান মার্কেটের একাংশ।
সড়ক ও জনপথ অধিদপ্তরের যুগ্নসচিব মাহবুবুর রহমান ফারুকী উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, মাননীয় মন্ত্রী মহোদয়ের যে ঘোষণা রয়েছে জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে আগামী ৬ মাসের মধ্যে সড়কের উভয় পাশে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরই অংশ হিসাবে ঘোড়াঘাট থেকে দিনাজপুর পর্যন্ত ধারাবাহিক ভাবে ১০৬ কিলোমিটার রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
তিনি আরো জানান, উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে নানাভাবে নোটিশ প্রদান করা হয়েছিল।
সামিউল/এম





