সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।
নাটোর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ২৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে অভিভাবকদের প্রতি সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও অবসর সময়ের কার্যক্রমের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। সন্তানের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, নাটোরে প্রত্যেকটি থানায় আমাদের এই আকস্মিক অভিযানটি পরিচালনা করা হয়েছে। এখানে মাদকসেবী, ইভটিজারসহ কিশোর-গ্যাং সদস্যদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএম
















