টাঙ্গাইল জেলার মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের জন্য লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভারত সরকারের পক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও হাসপাতালটির পরিচালক ড. প্রদীপ কুমার রায়ের হাতে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেন।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। তার পরিপ্রেক্ষিতে এ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ নতুন এসএমএল ব্র্যান্ডের আধুনিক, জরুরি জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরিসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে।

লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি এবং চিকিৎসাসামগ্রী টাঙ্গাইল এবং তার আশপাশের মানুষের জন্য কোভিড মহামারিকালে এবং এর বাইরেও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে হাইকমিশনার কমপ্লেক্সের মধ্যে এবং ওই এলাকায় স্থাপিত চমৎকার পূজা প্যান্ডেলে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি সবাইকে মহা নবমীর শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেন, সকল সম্প্রদায়ের দ্বারা পূজার আনন্দ উদযাপন এবং সমগ্র মানবতার সেবার মনোভাব বাংলাদেশের মানুষের উদার ও অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে পুরোপুরিভাবে প্রতিফলিত করে।

যেমনটি মুক্তিযুদ্ধের আদর্শে নির্ধারিত হয়েছে এবং যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

সিয়াম/এইচএন