হরতাল-অবরোধের কারণে গত তিন মাসে রিকন্ডিশন গাড়ী আমদানিকারক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা।

সোমবার (৩০মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসাসিয়েশন (বারবিডা) এর সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবর বলেন, হরতাল-অবরোধের কারণে গত ৪ ডিসেম্বর থেকে ২৫ মার্চ পর্যন্ত আমদানিকৃত ৫৬৫৫ ইউনিট গাড়ীর প্রায় সবক’টি অবিক্রিত অবস্থায় বন্দরে ও শো-রুমে পড়ে আছে।

এ পর্যন্ত মংলা এবং চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা গাড়ীর বিপরীতে আমাদের ডেমারেজ চার্জ গুনতে হচ্ছে প্রায় ১ কোটি টাকা। গত তিন মাসে সাত হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি বয়ে বেড়ানো রিকন্ডিশন গাড়ী ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হওয়ার কোনো উপায় আমাদের জানা নেই।

ব্যাংক, বন্দর চার্জ এবং নিলাম খাতে সরকারের প্রণোদনা ছাড়া আমাদের এই মুহুর্তে ব্যবসা চালিয়ে যাওয়া একেবারেই অম্ভব।

এ সময় সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো;

-আপদকালীন সময়ে স্বাভাবিক নিলাম প্রক্রিয়া স্থগিত রাখতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ;

-তিন মাসের সুদ মওকুফ ও মেয়াদী ঋণ পরিশোধের সময় বৃদ্ধি;

-খালাসের অপেক্ষায় আটকে পড়া গাড়ীর ডেমারেজ চার্জ সম্পূর্ণ মওকুফ করা;

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এম এ হামিদ শরীফ, সহ-সভাপতি মো.শাহ সেলিম টিপু ও জাফর আহমেদ, ট্রেজারার আনিসুর রহমান প্রমুখ।

এমএ/কেএইচ