৭ মে অনুষ্ঠিতব্য গাইবান্ধার সাদুল্লাপুর থানার জামালপুর ইউপি নির্বাচনে আ’লীগ ও জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে একটি মোটর সাইকেল ভাংচুর ও আ’লীগ প্রার্থীর ৬ কর্মী আহত হয়।

রবিবার দিবাগত রাত ১০ টার দিকে ওই ইউনিয়নের চক শালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের দুদু মিয়া ( ৪৫), রুহুল আমিন (৩০), দূর্গাপুর গ্রামের রাসেল মিয়া (৩৫), চক শালাইপুর গ্রামের আব্দুল জোব্বার (৫০) ও ছাকা মিয়া (৪০)ও ছালেক (২২) তাদের সবাইকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মণ্ডল (নৌকা) বলেন, শুধু এ ঘটনাই নয়। তারা আমার নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ। প্রচার-প্রচারণায় প্রায় প্রায় হামলা, পোস্টার ও ব্যানার ছেড়াসহ ফেসবুক ও এলাকায় ভোটারদের মধ্যে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে।

তবে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রেজা সাংবাদিকদের বলেন, আ’লীগের চেয়ারম্যান প্রার্থীই তার লোকজন নিয়ে ওই এলাকায় তার নির্বাচনী অফিসসহ এক কর্মীর দোকানঘরে হামলা করেছে। এসময় বাধা দিতে গেলে তার ৪ কর্মীকে মারধরও করে। একটি মোটরসাইকেলও ভাংচুর করে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, একই পথে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে এঘটনা ঘটে। তবে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন ওই এলাকায় পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে।

এমআইএস