টাঙ্গাইলের সখীপুরে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোভ্যানের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ (১৪ নভেম্বর) বুধবার দুপুরে সখীপুর-ইন্দারজানি সড়কের তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৮৫) এবং তার স্ত্রী আছিয়া খাতুন (৭৫)। আহতরা হলেন- লালমিয়া (৫০), মনোয়ারা (২৫) এবং মাধবী (১৮)। তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মতিউর রহমান তার অবসর ভাতার টাকা তুলতে এবং স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অটোভ্যান যোগে সখীপুর যাচ্ছিলেন। পথে উপজেলার তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মতিউর রহমান ও তার স্ত্রী আছিয়াকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। এই ঘটনায় ওই ট্রাকের চালক পালিয়ে গেছে। 

এমবি