ঈদ উপলক্ষে জনসাধারণের বাড়ি ফেরা নিরবচ্ছিন্ন করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এবং রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আন্তমন্ত্রণালয় সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হক নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঈদের আগেই ঢাকার বিভিন্ন সড়কের দুরবস্থা তুলে ধরে তা মেরামতের ব্যাপারে প্রস্তাব দেয়া হয়। জবাবে ঢাকা সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ওয়াসাকে ২০ তারিখের মধ্যে তাদের আওতাধীন সড়ক মেরামত করে যান চলাচলের উপযোগী রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করতে ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।
বৈঠকে ঢাকার আশপাশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মালিক-শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সবার বক্তব্যেই ঢাকা এবং ঢাকার বাইরের মহাসড়কগুলোর দুরবস্থার কথা উঠে আসে।
জবাবে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, তিনি আগামীকাল শনিবার সকালে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবেন, সমস্যা দেখবেন। যেখানে সমস্যা পাবেন, সেখানেই তাত্ক্ষণিক সমস্যা সমাধানের সিদ্ধান্ত জানাবেন। একই দিন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে আরেকটি দল ঢাকা-ময়মনসিংহ সড়ক পরিদর্শনে যাবে। চন্দ্রা-নবীনগর হয়ে টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে যাবেন যোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। এই দলগুলোর সঙ্গে সড়ক পরিবহন সমিতির নেতা-কর্মীদের যাওয়ারও আহ্বান জানান যোগাযোগমন্ত্রী।
সভায় ঈদের আগের ৩ দিন ও পরের ২ দিন মালামালবাহী ভারী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। তবে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য পরিবহনের জন্য ব্যবহূত ট্রাক ও কাভার্ড ভ্যান এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।
সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





