বরিশালের বাবুগঞ্জে দুইটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে তাদের মা শারমিন বেগম আত্মহত্যার চেষ্টা করেছে। সুগন্ধা নদী থেকে শারমিনকে উদ্ধার করে বাবুগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
শনিবার দুপুর ১টার দিকে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জমজ বোন হলো- ৩ বছর বয়সী আয়েশা আক্তার ও মরিয়ম। এরা দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা ও চায়ের দোকানদার সেলিম খানের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে দক্ষিণ ভূতের দিয়া গ্রাম সংলগ্ন সুগন্ধা নদী থেকে সেলিম খানের স্ত্রী শারমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় খেয়াঘাটের বাসিন্দারা। পরে অনেক খোঁজাখুঁজি করে ভূতের দিয়া গ্রামের একটি পুরনো বাড়ির জঙ্গল থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
বাবুগঞ্জ থানার এসআই আমানউল্ল্যাহ জানান, স্থানীয়রা বলেছে- মানসিক ভারসাম্যহীন মা শ্বাসরোধ করে তার সন্তানদের হত্যা করেছে। তবে, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এটি রহস্যজনক মৃত্যু।
শিশু দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মা শারমিন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শুভঙ্কর বাড়ৈ জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। অপরদিকে অচেতন অবস্থায় শারমিন বেগমকে আনা হলে দুই ঘণ্টা পর তার জ্ঞান ফেরে।
এএইচ





