ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বরিশাল নদী বন্দরকে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে বরিশালের নদীপথে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী বেষ্টনি এলাকা হিসেবে পরিচিত হিজলা, মুলাদী ও মেহিন্দিগঞ্জ উপজেলাবাসীকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বরিশালের সকল রুটের নদী পথে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে সকাল ১০টা পর্যন্ত বরিশালের নদ-নদী শান্ত থাকায় বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করেছে।
এর আগে নিম্নচাপের প্রভাবে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের আবহাওয়া স্বাভাবিক রয়েছে। গত পাঁচ দিন টানা বৃষ্টি হলেও আজ সকাল থেকে জেলার কোথাও বৃস্টিপাত হয়নি। তবে আকাশ মেঘাছন্ন রয়েছে।
বরিশালের জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামান জানান, কোমেন মোকাবেলায় প্রশাসনের সকলেই প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে জেলার নদী বেষ্টনি এলাকা হিসেবে পরিচিত হিজলা, মুলাদী ও মেহিন্দিগঞ্জ উপজেলায় সর্তকতা জারি করা হয়েছে।
ওই তিন উপজেলাবাসীকে সাইক্লোন সেন্টারসহ নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন অফিসে একটি কন্ট্রোল সেল খোলা হয়েছে।
এমকে





