ঢাকা থেকে সিলেটের তামাবিল হয়ে ভারতের শিলং দিয়ে গুয়াহাটি পর্যন্ত পরীক্ষামূলক বাস চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের সকারের মধ্যে ইতিবাচক সমঝোতার পর নতুন এ রুটে বাস চলাচল শুরু হলো।
শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস ডিপোতে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিআরটিসিসহ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজাহারুল ইসলামের নেতৃত্বে পরীক্ষামূলক বাস সার্ভিসে বিআরটিসি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল ভ্রমণে যান।
উদ্বোধনকালে ওবায়দুল কাদের বলেন, ‘কয়েকবার পরীক্ষামূলক যাতায়াতের পর নিয়মিত যাত্রী সার্ভিস শুরু হবে।
এ নিয়ে ভারতের নয়াদিল্লিতে আমার সঙ্গে ভারতের সড়ক পরিবহণমন্ত্রী নীতিন জয়রাম গডকরির বৈঠক হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বৈঠকে ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস ছাড়াও কলকাতা-ঢাকা-আগরতলা সরাসরি বাস চলাচল এবং বিআরটিসির এক হাজার বাস-ট্রাক ক্রয় সংক্রান্ত দুটি চুক্তির বিষয়ে আলোচনা হয়।’
এ ছাড়া আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণ এবং ফেনী নদীর ওপর সেতু নির্মাণসহ ফেনী বেলুনিয়া-সাবরুম-রামগড় সড়ক নির্মাণ কাজের বিষয়ে আলোচনা হয়েছে বলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, গত ২ মে থেকে ঢাকা থেকে সিলেট হয়ে ভারতের শিলং দিয়ে গুয়াহাটি পর্যন্ত বাস সার্ভিস চালু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের পাহাড়ি রাস্তাগুলো মেরামত করতে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর উপলক্ষে এ রুট চালুর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ভারত।
ওবায়দুল কাদের আরো জানান, বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে আরো জানানো হয়, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুটে নিয়মিত বাস চলবে। বিআরটিসির তত্ত্বাবধানে এ রুটে চলবে ২৬ থেকে ৩০ সিটের বাস।
উদ্বোধনের পর বাসের প্রথম ট্রিপে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর টেকনিক্যাল কর্মকর্তারা যাওয়ার পর, একইভাবে ভারত থেকে দেশটির একটি টেকনিক্যাল টিম বাংলাদেশে আসার কথা রয়েছে।
টেকনিক্যাল টিমের সদস্যরা পাহাড়ি সড়কে এসব বাস চলার উপযোগী কিনা তা খতিয়ে দেখবেন।
এতে সাফল্য আসলে তারপরই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হবে। প্রসঙ্গত, বর্তমানে ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা রুটে বাস চলাচল করছে।
এর আগে গত সোমবার ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচলসহ বাংলাদেশকে ভারত, ভুটান ও নেপালের সড়কপথে যুক্ত করার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে নয়াদিল্লি সফরে যান বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ, মহাসড়ক ও নৌপরিবহণমন্ত্রী নিতিন গডকরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
এ বৈঠক থেকে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে শুক্রবার থেকে পরীক্ষামূলক বাস চলাচল শুরুর বিষয়টি চূড়ান্ত হয়।
এসএইচ/এমকে





