ক্লাসরুমে দুষ্টুমি করায় চাঁদপুরর হাজীগঞ্জ উপজেলায় ডাস্টার দিয়ে সামাদ হোসেন পিয়াল নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক।
হাজীগঞ্জের ৪ নম্বর কালচোঁ ইউনিয়নের রামপুর আদর্শ কেজি স্কুলে সোমবার এ ঘটনা ঘটে।
ছাত্র পিয়ালের মা নাজমা আক্তার ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহফুজ আহম্মেদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ আছে, সোমবার বেলা ১১টায় ওই স্কুলের গণিত বিষয়ের ক্লাস চলা অবস্থায় ওই শিক্ষক মাহফুজ আহম্মেদ পিয়ালকে ডাস্টার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে ধরে পাশের দেয়ালের সঙ্গেও আঘাত করা হয়।
পিয়ালের মা নাজমা আক্তার বলেন, ঘটনাটি ধামাচাপা দিতে স্কুল কর্তৃপক্ষ তাকে একটি কক্ষে দুই ঘণ্টা আটক রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। পরে সহপাঠীদের মাধ্যমে ঘটনাটি জেনে পিয়ালকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেই।
শিক্ষক মাহফুজ আহম্মেদ বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। সে ক্লাসে দুষ্টুমি করছিল। তাকে শাসন করতে গিয়ে ঘটনাটি ঘটে।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ছাত্র পিয়ালের মা থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ





