প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। সুস্থ্য হয়েছে আরও ৩৯৫ জন।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে আজই (২১ মে) সর্বোচ্চের রেকর্ড। এর আগে বুধবার (২০ মে) ১৬১৭ রোগী শনাক্ত হয়েছিলেন। এরও আগে গত ১৮ মে সব রেকর্ড ভেঙে এক হাজার ৬০২ জন শনাক্ত হয়েছিলেন।
আজ (২১ মে) বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই এ পর্যন্ত করোনায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন ২৮ হাজার ৫১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।
এমবি





