কক্সবাজারের টেকনাফ থানায় সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এর পাশাপাশি কক্সবাজার সদর থানার ওসিকেও বদলি করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, “টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং সদর থানার ওসি খায়রুজ্জামানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে।”
পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর গত ০৮ আগস্ট টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মো: আবুল ফয়সল। এর আগে তিনি কুমিল্লার চান্দিনা থানায় ছিলেন। ফয়সল মেজর সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এদিকে, গত ১১ আগস্ট কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেওয়া হয়।
এমবি





