জয়পুরহাট সদরে এক ব্যক্তির গায়ে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।
জয়পুরহাট থানার এসআই রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাদসা গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ আবু হাসান (৪০) নওগাঁর বদলগাছি উপজেলার জয়ুনদ্দিনের ছেলে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
দগ্ধ হাসানের বরাত দিয়ে এসআই রেজাউল বলেন, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বিষয়টি মীমাংসার জন্য বুধবার ভাদসা গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি।
বৃহস্পতিবার রাতে সেখানে সালিশ বসে। এক পর্যায়ে বৈঠক থেকে হাসান চলে যেতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন পেছন থেকে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশকে বলেছেন তিনি।
স্থানীয়রা হাসানকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে বগুড়া মেডিকেলে পাঠানো হয় বলে জানান এসআই রেজাউল ।
জয়পুরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মাহবুবুল হক জানিয়েছেন, হাসানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে হাসানের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এমআইএস।





