নাটোরের হালতি বিলে বেড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদুল ইসলাম (২২)। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আরও দুই ছাত্র।
জাহিদুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং পাবনার সুজানগরের বাসিন্দা। আহতরা হলেন- বৈশাখী খাতুন ও রিপন হোসেন। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈশাখী নাটোরের বাগাতিপাড়া উপজেলার ও রিপন পঞ্চগড়ের বাসিন্দা।
নলডাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) নজিবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম তার সহপাঠীদের নিয়ে বেড়াতে যায়। নৌকায় করে বেড়ানোর সময় বিলের ওপর ঝুলে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে আহত হয় জাহিদ ও তার দুই সহপাঠী। আশঙ্কাজনক অবস্থায় তাদের সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





