সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে।
লালমনিরহাট সদর থানায় শুক্রবার রাত সাড়ে ১০টায় মামলাটি করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল।
থানার অফিসার ইন চার্জ (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, ৬ জানুয়ারি সদর উপজেলার মহেন্দ্রনগরে ও বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকায় নারী ও শিশুদের দিয়ে লালমনিরহাট-কুড়িগ্রাম আঞ্চলিক সড়ক ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক যারা অবরোধ করে রাখেন তাদের আসামি করা হয়েছে এই মামলায়। ওই সময় তারা সড়ক অবরোধ করে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গাড়ি ভাঙচুর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ৪৫ জনের নামে এবং বিএনপি-জামায়াতের অজ্ঞাতনামা আরও পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলাটি করেছেন এসআই জাফর ইকবাল।
কেএইচ





