ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য মশার ওষুধের নমুনা বিদেশ থেকে ঢাকায় এসে পৌঁছেছে।
আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো ঢাকায় এসে পৌঁছায় বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
জানা গেছে, মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। মঙ্গলবার ডিএসসিসিতে এই ওষুধের পরীক্ষা শেষে আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত মোট ২৭ হাজার ৪৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৭৬১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মোট ৭ হাজার ৬৫৮ জন এখনও চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীর ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯৬২ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি আছেন ২ হাজার ৬৯৬ জন।
২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২০৬৫ জন নতুন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৫৯ জন এবং রাজধানীর বাইরে সারা দেশে ৯০৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ১৮ জন বললেও বেসরকারি হিসাবে অর্ধশতাধিক ছাড়িয়ে যাবে। প্রতিদিনই মৃতের মিছিল বড় হচ্ছে।
এএস





