কুষ্টিয়ায় ভেড়ামারায় হরিজন সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। হামলায় মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

হরিজন সম্প্রদায়ের উত্তম এবং সঞ্চয় জানান, ভেড়ামারার বামনপাড়ার হরিজন সম্প্রদায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল ওই এলাকার বাবলু, শামীম এবং চঞ্চলসহ কয়েকজন। এ বিষয়ে কয়েকদিন আগে হরিজন সম্প্রদায়ের লোকজন বাধা প্রদান করে এবং ভেড়ামারা থানা পুলিশের কাছে অভিযোগ করে। এরই প্রেক্ষিতে গতকাল রবিবার ভেড়ামারা থানা পুলিশ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। রাতেই অজ্ঞাত কারনে পুলিশ তাদের ছেড়ে দেয়।

সোমবার সকাল ১১টার দিকে হরিজন সম্প্রদায়ের সুজন ভ্যান নিয়ে বামানপাড়ার আজিজ বিড়ি সংলগ্ন মোড়ে গেলে তাকে মারপিট করে এবং ভ্যান টি আটকিয়ে রাখে। এ সংবাদ পেয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সুজনকে উদ্ধার এবং ভ্যানটি ছাড়িয়ে নেওয়ার জন্য আসে।

এসময় হরিজন সম্প্রদায়ের লোকজনকে দেখেতে পেয়ে মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় সম্প্রদায়ের বাসন্তি (৩০), বিধান (৩৮), রঞ্চিত (৬০), সুশান্ত (৪০), উত্তম (৫৭), আকাশ (২০), সুজন (৪০), বিজয় (৩৫), কুমার (২৩), তপন (১৮), প্রসংজিত (১৫), উৎপল (১৮) মহন (২২), মাখন (৩৫) আহত হয়।

খবর পেয়ে ভেড়ামারা পৌর সভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা তাৎক্ষনিক ভাবে ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, হামলার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে উজ্জল নামের একজনকে আটক করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে ওরা মাদক ব্যবসায়ী না মাদক খোর।

সবুজ/এমই