২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ৮ম দিনেও রাজধানীতে মিছিল, গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলে ব্যস্ততম মতিঝিলে সিটি সেন্টারের বিপরীতে জনতা ব্যাংকের সামনে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বোমার আগুন একটি ট্যাঙিক্যাবে ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২ টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় তারা একটি বাস ও প্রাইভেট কারের গ্লাস ভাংচুর করে।

অন্যদিকে, রাজধানীর মতিঝিলের শিল্পমন্ত্রণালয়ের সামনে অন্তত ২০ টি ককটেল বিস্ফোরণ করেছে বিক্ষুব্ধরা। এসময় ৩ জনকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ৮ টায় উত্তরার আজমপুর রেললাইন এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির উত্তরা থানা। ঢাকা মহানগরী উত্তরের এইচআরডি সম্পাদক মো. আইউবের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম সজীব, দক্ষিণখান শিবিরের সভাপতি কামরূল হাসান, উত্তরখান সভাপতি কেরামত আলী, সেক্রেটারি হাফেজ মমিনুর রহমান প্রমুখ।

অবরোধের সমর্থনে সকাল সাড়ে ৮ টায় মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রশিবির।

মহাখালী ফ্লইওভারে তিতুমীর কলেজ সভাপতি সোয়াইব হোসেনর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্ট করে।

মিরপুরের কালশীতে অবরোধের সমর্থনে মিছিল করেছে পল্লবী থানা জামায়াত।

সকাল ৮ টায় তারা এ মিছিল বের করে। মিছিল শেষে নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে।

২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল করেছে শিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

সকাল ৯ টায় যাত্রাবাড়ীতে তারা এ মিছিল বের করে।

কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক শাহীন আহমেদ খানের নেতৃত্ব মিছিলটি অনুষ্ঠিত হয়।

দুইটি ট্রাক ও একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী টোল প্লাজার নিকট এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার সময় হঠাৎ করে কিছু লোক রাস্তায় জড়ো হয়ে অবরোধের সমর্থনে শ্লোগান দেয়া শুরু করে।

এসময় তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুণ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসসহ দু'টি মাল বোঝাই ট্রাক ভাংচুর করে।

খবর পেয়ে যাত্রবাড়ী থানার টহল পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌছায়। এর পূর্বেই অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়।

সকাল ৯টায় লালবাগ এলাকায় রাস্তা অবরোধ করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। অবরোধে নেতৃত্বদেন মহানগরী অর্থসম্পাদক তোজাম্মেল হক ও মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী স্কুল সম্পাদক ফায়জুর রহমান, লালবাগ থানা সভাপতি মাসুম বিল্লাহ, ঢাকা আলিয়া মাদরাসা সভাপতি রেদওয়ান উল্ল্যাহ, চকবাজার থানা সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এসময় শিবির কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

জেএ