বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন নূর (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ওই যুবকের বুকে ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’ এবং পিঠে ‘গণতন্ত্রের মুক্তি চাই’ শ্লোগান লেখা ছিল।
চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই যুবককে আটক করে গুলশান থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই যুবক উপস্থিত হন। যুবক তার নিজ হাতে লেখা ‘গণতন্ত্রের গান’ কবিতাটি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়ার জন্য কার্যালয়ে উপস্থিত কর্মচারীদের অনুরোধ জানান।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কর্মচারীদের কাছ থেকে পাওয়া কবিতাটি ম্যাডাম খালেদা জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ম্যাডাম দেলোয়ার হোসেন নূরের লেখা কবিতা পড়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তার এ ধরনের কবিতা লেখা ‘দুঃসাহসিক কাজ’ বলেও মন্তব্য করেছেন।
তিনি আরও জানান, পরে দেলোয়ার হোসেনকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ।
সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে ৩ জানুয়ারি রাত থেকে গুলশান নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আছেন ৪০ জনের বেশি নেতা, কর্মকর্তা-কর্মচারী।
বিএনপির অভিযোগ, ১১ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাইরে থেকে খাবার নিতে পুলিশ বাধা দিচ্ছে। এ ছাড়া কার্যালয়ে সাধারণ নেতাকর্মীদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে।
এমএইচ/ইআর/জেআই





