‘বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া পেশাদার খুনি’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, ‘জামায়াত-বিএনপি হলো পেশাদার খুনি। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পরে ১৭ গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা এবং ১৮ কৃষককে খুন করা হয়। এখন পেট্রোলবোমা দিয়ে অনেক মানুষ হত্যা করা হয়েছে। ২০ দলীয় জোটের বিষাক্ত ছোবল বাংলাদেশের অর্থনীতি ও মানুষের উপর বারবার আঘাত হানছে। ১৯৭১ ও ৭৫ সালের খুনিদের বিচার করার ফলে বিএনপি-জামায়াত আমাদের পেছনে লেগেছে।’
তিনি আরও বলেন, পরিবহন যানবাহনের অতিরিক্ত ভাড়া ফেরি মেরামতের কাজে ব্যয় করা হবে। ইজারা আগামী পয়লা জুলাই থেকে সারা দেশেই বন্ধ করে দেওয়া হবে। বিআইডব্লিউটিএ’র অধীনে গাড়ি প্রতি ৪০ টাকা করে আদায় করা হবে। চার কোটি টাকা ব্যয়ে এ ওয়েব্রিজ স্কেলটি নির্মাণ করা হয়েছে। এতে অতিরিক্ত মালামাল পরিবহন করতে পরিবহন মালিকরা অনাগ্রহ দেখাবে। এতে আমাদের দেশের রাস্তাঘাট বছর বছর সংস্কারে কোটি কোটি টাকা সাশ্রয় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, পুলিশ সুপার মো. আমির জাফর। এতে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান।
জেআই





