জেলার সদর উপজেলার তালতলি বাজার এলাকা থেকে এক মণ ভেজাল ঘিসহ ফিরোজ আলম নামে কারখানা মালিককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বাজার এলাকার জয়নাল মিয়ার ভাড়াটিয়া ঘর থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। ফিরোজ আলম পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি এলাকার রশিদ তালুকদারের ছেলে।

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ভাস্কর সাহা জানান, ভেজাল ঘি উৎপাদন হচ্ছে-এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এক মণ ভেজাল ঘিসহ ফিরোজ আলমকে আটক করা হয়। এসময় ভেজাল ঘি প্যাকেটজাতকরণে ব্যবহৃত ৪শ’ কৌটা এবং ৪টি ড্রাম জব্দ করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিয়ে তিনি মুক্তি পান।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, টাইমনিউজবিডি.কম, জেআই