একাদশ জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন।

এরপর আজ (০৩ জুন) বিকালে সংসদে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে বাংলাদেশের ৫০তম এই বাজেট।

প্রস্তাবিত বাজেটের মোট আকার হতে পারে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার। বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। সামগ্রিক ঘাটতি দাঁড়াবে প্রায় ২ লাখ ১২ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৬.২ শতাংশ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। এর আগে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে সই করবেন।

করোনা সংক্রমণজনিত কারণে মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য বিশেষ এই বৈঠকে অংশ নেন।

তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি