১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে একই সাথে ১৫ আগস্ট আর্তের সেবায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ শ্রদ্ধা জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের উদ্যোগ ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতা এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী চলছে।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের পরপর স্বাধীনতা সাংবাদিক পরিষদ, পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ৯টায় বিএফইউজে ও ডিইউজে’র পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রক্তদান কর্মসূচীতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রেসক্লাবে বহু বছর পর ফুল দেওয়ার সৌভাগ্য হয়েছে।আমরা এর ধারা কে অব্যহত রাখতে চাই।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, জাতির জনকের নামে দেশে একটি মাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা এ দিনে রক্তদানের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা করছি এবং মেডিকেলের পক্ষ থেকে প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. শরফুদ্দিন, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইআর





