কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘রাজাকারকে রাজাকার বলায় আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আপনি আমাকে গ্রেফতার করে এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘যতদিন বেঁচে আছি, ততোদিন রাজাকারকে রাজাকারই বলে যাব। রাজাকারকে রাজাকার বলার জন্যই আপনার বাবার পা ছুঁয়ে মুক্তিযুদ্ধ করেছি। আপনি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাজাকারদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’ 

শনিবার টাঙ্গাইলের সখীপুরের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ’৯৯ এর ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। 

তিনি তার বড় ভাই লতিফ সিদ্দিকী সম্পর্কে বলেন, ‘আওয়ামী লীগ ইসলামের দল নয়। আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তাই আওয়ামী লীগের ভূত এখন আপনার কাঁধে নেই।’ হজ ও তাবলীগের বিরুদ্ধে কথা বলায় লতিফ সিদ্দিকীকে আল্লাহ ও তাঁর রাসূলের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান কাদের সিদ্দিকী।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরীন কাদের সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, এ এইচ এম আবদুল হাই, অ্যাড. রফিকুল ইসলাম, মীর জুলফিকার শামীম প্রমুখ।

জেআই