রাজধানীর যাত্রাবাড়িতে মোটারসাইকেল উল্টে তানভীর আলম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাগ্নে রিয়াজ উদ্দিন জানান, তানভীর চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি উত্তরা মোটর্সের যাত্রাবাড়ি শো-রুমের ব্যবস্থাপক ছিলেন। বিবির বাগিচার ১ নং গলিতে থাকতেন।
তিনি বলেন, ‘রাত ৮টার দিকে মামা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কিছুক্ষণ পরই খবর পাই- নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে গিয়ে মামা মরাত্মক আহত হয়েছেন। তাকে যাত্রাবাড়ির একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। আমি দ্রুত সেখানে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, নিহত যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে।
এএইচ





