শেভরন বাংলাদেশের ৪৮ জন কর্মীকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে অভিযোগ করে তাদের চাকরিতে পুনর্বহাল এবং ঈদের আগেই বেতন বোনসসহ সকল পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে চাকরিচ্যূত কর্মীরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

শ্রম আইন অনুযায়ী পাওনা দাবি করায় শেভরনের ৪৮ জন ড্রাইভারকে চাকরিচ্যূত করা হয়েছে বলে অভিযোগ করে তাদেরকে চাকরিতে পূনর্বহালের দাবিতে গত ২১ জুন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছিলেন তারা।

মানববন্ধনে চাকরিচ্যূত সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শেভরন বাংলাদেশে প্রায় ১১ বছর যাবত কর্মরত থাকলেও এখনও আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। দীর্ঘদিন ধরে আমরা শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধিসহ শ্রমআইন অনুযায়ী পাওনা নির্ধারণ করার দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে কোম্পানির বিদেশী ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

এরপর দাবি আদায়ে ট্রেড ইউনিয়ন গঠন করা হলে ২৬ মে থেকে বীনা নোটিশে পর্যায়ক্রমে ৪৮ জন ড্রাইভারকে চাকরিচ্যুত করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে চাকরিচ্যূতরা আসন্ন ঈদ এবং বর্তমান রমজানে পরিবার নিয়ে বিপাকে পড়েছে।’

এ পরিস্থিতিতে এই শ্রমিকদের ঈদের আগেই বকেয়া বেতন-ওভারটাইম, ঈদ বোনাসসহ চাকরিতে পুনর্বহাল করতে সংশ্লিষ্ট খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রহমত উল্লাহ ভূঁইয়া, মো. কামাল উদ্দিন প্রমুখ।

এমএ/এমকে