‘মাঘের শীত বাঘের গায়ে’ বলা হয়ে থাকলেও এবারের মাঘ মাসে এসে শীত হারিয়ে গেছে অনেকটাই। এ মৌসুমের শীত চলে গেছে বলে মন্তব্য করছেন অনেকেই।
জানুয়ারি শেষে মাঘের প্রথমার্ধে দেশের উপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শৈত্যপ্রবাহের আগে আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার কিছু অংশসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পর চলতি মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ বলেন, ‘আগামী মঙ্গলবার নাগাদ দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা পরবর্তী সময়ে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রাজধানীতে এ তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় (১-২) ডিগ্রি সেলিসিয়াস হ্রাস পেতে পারে।
এএস





