রাজধানীর হাতিরঝিল এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৩০)। তিনি ব্যবসা করতেন। তার বাবার নাম নুরুল ইসলাম। বাড়ি নারায়ণগঞ্জের মোগরাপাড়ায়।
ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হানিফ।
ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সকাল সাড়ে আটটার দিকে ছালছাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সেলিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী হানিফের ভাষ্য, সেলিমের পকেটে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। ওই কার্ডে থাকা মোবাইল নম্বরে কল দিলে নান্নু মিয়া নামে তাঁর এক স্বজন ফোন ধরেন। পরে নান্নু মিয়া হাসপাতালে এসে সেলিমের লাশ শনাক্ত করেন।
ইআর





