সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণতন্ত্র ছাড়া উন্নয়ন অর্থহীন। গণতন্ত্র ও উন্নয়ন একটির বিকল্প আরেকটি হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
আজ রোববার সকালে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে সুজন আয়োজিত ‘বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের খাতিরে নির্বাচন নয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যে দেশে গণতন্ত্র না থাকে, সে দেশে মৌলবাদ ও উগ্রবাদের সৃষ্টি হয়। দেশে খুন বেড়ে গেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। এসব গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।
শামসুল হুদা নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, ‘২০০৭ সালে নির্বাচনব্যবস্থার অনেক সংস্কার হয়েছিল। আমরাও নির্বাচনব্যবস্থা সংস্কারের সঙ্গে যুক্ত ছিলাম। তবে দুই নেত্রীকে মাইনাস ফর্মুলার সঙ্গে যুক্ত ছিলাম না। সদ্যবিদায়ী রকিবউদ্দীন নির্বাচন কমিশনের আমলে নির্বাচনব্যবস্থা ভেঙে পড়ে। এতে গণতান্ত্রিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘এক দল ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে, আরেক দল যে করে হোক ক্ষমতায় যেতে চায়। এই অশুভ প্রতিযোগিতা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি করছে। এখন সব জায়গায় আওয়ামী লীগের জয়জয়কার। সুবিধা পাওয়ার জন্য সবাই আওয়ামী লীগ হতে চায়। সংসদে দুই-তৃতীয়াংশ সাংসদ ব্যবসায়ী। ক্রমান্বয়ে রাজনীতি ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। ভবিষ্যতে সৎ মানুষের রাজনীতি করার সুযোগ থাকবে না। আমরা হাসিনা ও খালেদাকে নিয়ে সমালোচনা করি। অথচ তাঁদের পাশে এখনো কিছু ভালো মানুষ আছেন। তাঁরা যখন চলে যাবে, তখন আমাদের কী হবে?’
সুজনের পিরোজপুর জেলা শাখার সভাপতি নাসিম আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সুজনের সমন্বয়ক দিলীপ সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক গৌতম চৌধুরী, নারী সংগঠক খালেদা আক্তার প্রমুখ।
জারিফ





