নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত টিপু হাওলাদার (২৫) বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান বলেন, চালক টিপুকে ছুরিকাঘাতে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় আশপাশের লোকজন আহতাবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহত টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সন্ধানে তদন্ত চলছে।

এমবি