রাজধানীর কদমতলীর জিয়াসরনী এলাকায় খাল থেকে সোমবার সকালে শাহীন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা জয়নাল আবেদিন ছেলের লাশ শনাক্ত করেন।
তিনি জানান, গত ২৬ মার্চ কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি শাহীন। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।
তিনি জানান, শাহীন যাত্রাবাড়ীর গোবিন্দপুর বাজারে একটি মাছের আড়তে কাজ করত। জিয়াসরনীর পাশেই জাপানি বাজার এলাকায় তারা ভাড়া থাকেন।
কদমতলী থানার ওসি আব্দুস ছালাম জানান, সকালে খাল পরিষ্কার করতে গিয়ে এলাকাবাসী লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। তিনি জানান, নিহতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএইচ





