স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে স্কুল টিফিন ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, স্কুলের জন্য আলাদা ফান্ড গঠন করতে হবে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও কৃষি ব্যবসায়িরা অর্থ যোগান দিবেন। সেই ফান্ডের টাকা দিয়ে শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করা হবে।
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে হাত পাততে চাইনা। হাত পাতলে তারা খবরদারি করে। তারা ভাবে ভিক্ষা চাইছি।
এছাড়াও ২০১৮ সালে পদ্মাসেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পদ্মাসেতুর কাজ শেষ হলে এরপর দক্ষিণ অঞ্চলের উন্নয়ন আর থেমে থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, সোনার মাটি আমাদের। উন্নয়ন হবেই। আমি কাজ করে যাচ্ছি- যেন মরলেও অন্তত বাবাকে বলতে পারবো- কিছু করে এসেছি।
এর আগে সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌছানোর পর শেখ রাসেল পৌর পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটা পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন। সেখানে মিলাদ মাহফিল, নামাজ ও মধ্যাহৃভোজে থাকবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী বিকেল ৩টায় টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
এমএইচ/এমএম





