সিলেটের টিলাগড় ইকোপার্কে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ইশতিয়াক আহমদ চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইশতিয়াক চৌধুরী সিলেট মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা।
ইশতিয়াক আহমদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ভাগ্নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইশতিয়াক চৌধুরী মোটরসাইকেলে করে টিলাগড় ইকোপার্কের (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটর সাইকেলে চার যুবক এসে তার গতিরোধ করে। তারা দা দিয়ে ইশতিয়াককে কোপ দেয়। কোপটি তার হাতে পড়ে। এসময় ইশতিয়াক দৌড়ে পালানোর সময় দুর্বৃত্তরা তার পিঠেও কোপ দেয়।
ইশতিয়াক তখন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। পরে তার শরীরে অস্ত্রোপচার চলছিল।
শাহপরান থানার অফিসার ইন চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, তিনি এ ধরনের ঘটনার কথা শোনেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
কেএইচ





