শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় চলছে প্রতিমা তৈরির কাজ। এবার বগুড়ার ১২টি উপজেলার ৫৯২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১২টি উপজেলার ৫৯২টি মণ্ডপকে তিনটি ভাগে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪৯টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ, ১৮৯টি ঝুঁকিপূর্ণ এবং ২৫৪টি সাধারণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বগুড়া সদরে ৯৯টি, শিবগঞ্জে ৪৪টি, সোনাতলায় ৩২টি, গাবতলীতে ৬০টি, সারিয়াকান্দিতে ১৯টি, কাহালুতে ৩৫টি, নন্দীগ্রামে ৪৭টি, দুপচাঁচিয়ায় ৩৭টি, আদমদীঘিতে ৬৯টি, ধুনটে ২১টি, শাজাহানপুরে ৪৯টি এবং শেরপুরে ৮০টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

গত বছর জেলার ১২ উপজেলায় ৫৯৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এ বছর বন্যার কারণে তিনটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে না।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার, পূজা উদ্‌যাপন পরিষদের স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা হিসেবে র্যাছব ও পুলিশের টহল থাকবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই