দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৬ জন আর মৃত্যু হয়েছে ৩৩ জনের। বাংলাদেশে মোট রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের। ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৩১৭টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৬ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী পাঁচজন। এ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব তিনজন এবং ৮০ বছরের বেশি বয়সী তিনজন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের পাঁচজন, রংপুর বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।
বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
বুলেটিন উপস্থাপনের পর অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, অনলাইনে আর ব্রিফিং হবে না। আগামীকাল বুধবার (১২ আগস্ট) থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সকল তথ্য পাবে গণমাধ্যম।
এমবি





