বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানুষ পুড়িয়ে মারার জন্য খুনি হিসেবে অবহিত করে তার সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে গণভবনে ৩দিনের নেদারল্যান্ড সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনেে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, উনাকে (খালেদা) বলুন আগে যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গ ছাড়তে। দেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করতে এবং বিচার যে সঠিক হচ্ছে সে বিষয়ে স্বীকৃতি দিতে। এছাড়াও আন্দোলনের নামে পুড়িয়ে মারা মানুষগুলোর জীবনকে ফিরিয়ে দিতে বলুন, পঙ্গু মানুষদের সুস্থ্য করে দিতে বলুন।
তাহলে আমরা ভেবে দেখব তার সঙ্গে আলোচনা করা যায় কিনা।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশকে সিরিয়া, মিসর, পাকিস্তান, লিবিয়া, আফগানিস্তানের কাতারে নামিয়ে আনতে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত হত্যার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা স্বীকার করতে চায় বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে। আর এটা স্বীকার করানো গেলে এদেশে হামলা করতে পারে। তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, আইএস হিসেবে স্বীকৃতি আদায় করলে দেশের কি অবস্থা হবে একবার ভাবুন। সিরিয়ায়, লিবিয়া ও আফগানের যা হয়েছে তাই হবে। অত্যন্ত দুঃখজনক ব্যপার হচ্ছে এ ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবেও আছে এবং বাংলাদেশের কিছু মানুষেরও আছে বলে।
এমএইচ





